বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে? প্রকাশ করল ফিফা
দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
বিশ্বকাপকে সামনে রেখে পুরস্কারের অর্থও বাড়িয়েছে ফিফা। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৪ কোটি টাকার সমান। রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থানে থাকা দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে ১৯ মিলিয়ন ডলার করে পাবে। শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ মিলিয়ন ডলার করে। ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১৬টি দল পাবে ৯ মিলিয়ন ডলার করে।
কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেওয়ায় বিশ্বকাপের পরিধি ও প্রতিযোগিতা আরও বিস্তৃত হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশ্বকাপ বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৮০ বিলিয়ন ডলারের উৎপাদন প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, চার বছরের বিশ্বকাপ চক্রে ফিফার সম্ভাব্য আয় প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মাঠের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি আর্থিক দিক থেকেও ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও প্রভাবশালী ক্রীড়া আয়োজনগুলোর একটি।
What's Your Reaction?