বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, পেছনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

May 18, 2026 - 12:58
 0  13
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, পেছনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনার পর ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার ইঙ্গিতও বাজারে উদ্বেগ তৈরি করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। এদিন দাম ২ দশমিক ০১ ডলার বা প্রায় ১ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ১১২ ডলারের কাছাকাছি পৌঁছায়, যা ৫ মে’র পর সর্বোচ্চ অবস্থান।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের মূল্য দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭৫ ডলার। এতে দাম বেড়েছে ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ২১ শতাংশ। দিনের শুরুতে ডব্লিউটিআইয়ের মূল্য ১০৮ দশমিক ৭০ ডলারে পৌঁছায়, যা ৩০ এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ এবং জাহাজ চলাচলে সম্ভাব্য ঝুঁকি বিনিয়োগকারীদের মধ্যে নতুন শঙ্কা তৈরি করেছে। গত সপ্তাহেই এ ধরনের আশঙ্কার কারণে উভয় সূচকের তেলের দাম ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা থেকেও সংকট নিরসনের স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ড্রোন হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইজি’র বাজার বিশ্লেষক টনি সাইকামোরের মতে, সাম্প্রতিক হামলাগুলো এ অঞ্চলের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার উৎস অনুসন্ধান করা হচ্ছে এবং ঘটনাটিকে তারা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছেন। একই সঙ্গে তারা প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানিয়েছেন।

অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, ইরাকের আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়া হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে পারেন।

বিশ্লেষকরা আরও বলছেন, রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা-সংক্রান্ত ছাড়ের মেয়াদ শেষ হওয়াও বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়েছে। এতে ভারতসহ বিভিন্ন দেশের তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

তেলবাজার বিশ্লেষক বন্দনা হরি বলেন, ইরানকে ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা এবং রাশিয়া-সংক্রান্ত নিষেধাজ্ঞার পরিবর্তন আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, যা তেলের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow