ব্রাজিল-হাইতি ম্যাচে রেফারি নিয়োগ ঘিরে নতুন বিতর্ক

Jun 18, 2026 - 16:47
 0  14
ব্রাজিল-হাইতি ম্যাচে রেফারি নিয়োগ ঘিরে নতুন বিতর্ক

বিশ্বকাপে হাইতি ও স্কটল্যান্ড ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়োগ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্পেনের অভিজ্ঞ রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ। খেলা শুরুর মাত্র তিন দিন আগে ফিফা এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০১২ সাল থেকে পেশাদার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন হার্নান্দেজ। ২০১৪ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। দীর্ঘ ক্যারিয়ারে স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় লড়াই এল ক্লাসিকোর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

কঠিন পরিস্থিতিতে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত এই স্প্যানিশ রেফারি ২০১৭ সালে স্প্যানিশ রেফারিং টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে বর্ষসেরা রেফারির স্বীকৃতিও অর্জন করেন।

তবে তার ক্যারিয়ারে বিতর্কও কম নেই। ম্যাচে অতিরিক্ত ফাউলের সিদ্ধান্ত এবং ঘন ঘন খেলা থামিয়ে দেওয়ার প্রবণতার কারণে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে রিয়াল মাদ্রিদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল বাতিলের সিদ্ধান্ত ব্যাপক আলোচনা তৈরি করেছিল, যেখানে সামান্য ধাক্কাকে ফাউল হিসেবে গণ্য করা হয়েছিল।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ফলে গ্রুপ পর্বে টিকে থাকতে হাইতির বিপক্ষে জয় এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচকে সামনে রেখে রেফারি নিয়োগের বিষয়টি বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ম্যাচে হার্নান্দেজের সহকারী হিসেবে থাকবেন স্পেনের হোসে এনরিক নারাঞ্জো ও দিয়েগো সানচেজ। এছাড়া চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্বে থাকবেন সুইজারল্যান্ডের স্যান্দ্রো স্কেয়ারার এবং স্টেফান ডি আলমেইদা। তবে ভিএআর কর্মকর্তাদের নাম এখনও প্রকাশ করেনি ফিফা।

বিতর্ক আরও জোরালো হয়েছে কারণ অতীতে হার্নান্দেজ নিজেই স্বীকার করেছিলেন, ছোটবেলায় তিনি বার্সেলোনার সমর্থক ছিলেন এবং তার প্রিয় ফুটবলার ছিলেন ব্রাজিল কিংবদন্তি Romário। ক্যানারি আইল্যান্ডের বাসিন্দা এই রেফারির সেই অতীত মন্তব্য এবার বিশ্বকাপের মঞ্চে নতুন করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

অন্যদিকে, ব্রাজিলের প্রথম ম্যাচে দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনসিসকেও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, নিজের ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৩২২টি ম্যাচে ১,৭৫৯টি হলুদ কার্ড, ৮৮টি লাল কার্ড এবং ১২৯টি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন, যা তার কঠোর রেফারিং স্টাইলেরই প্রতিফলন।

ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিল-হাইতির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হার্নান্দেজের অভিজ্ঞতা মাঠের নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে তার অতীত মন্তব্য ও সিদ্ধান্তগুলো ঘিরে যে বিতর্ক রয়েছে, তা ম্যাচ শুরুর আগেই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow