ভক্তদের গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অনুপম রায়

Jun 8, 2026 - 16:03
 0  14
ভক্তদের গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অনুপম রায়

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের বিশেষ এই আয়োজনের মাধ্যমে তিনি দর্শকদের সামনে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৬ জুন রাজধানীর দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। যদিও অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে, তবে এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে ২০২৩ সালে একই প্রতিষ্ঠানের আয়োজনে ‘ম্যাজিক্যাল নাইট’ শিরোনামের একটি কনসার্টে অংশ নিয়েছিলেন অনুপম রায়। সেই আয়োজনেও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।

কলকাতার পাশাপাশি বাংলাদেশেও অনুপম রায়ের জনপ্রিয়তা দীর্ঘদিনের। তার গান দেশের শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত। এর আগে একাধিকবার ঢাকায় এসে কনসার্ট করেছেন তিনি।

২০১০ সালে পরিচালক সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ সিনেমার ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ প্রকাশের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অনুপম রায়। এরপর ধারাবাহিকভাবে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেন।

‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতি অর্জন করেন তিনি। এছাড়া ২০১৫ সালে ‘পিকু’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডেও সফলভাবে যাত্রা শুরু করেন এই গুণী শিল্পী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow