ভুল তথ্যের অভিযোগে ২৫ কোটি ডলার জরিমানা দেবে অ্যাপল

May 6, 2026 - 16:05
 0  25
ভুল তথ্যের অভিযোগে ২৫ কোটি ডলার জরিমানা দেবে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর ভার্চুয়াল সহকারী ‘সিরি’ সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা এক ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তিতে প্রায় ২৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২,৭৫০ কোটি টাকা) পরিশোধে সম্মত হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

বুধবার (৬ মে) দ্য স্ট্রেইটস টাইমস–এর এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের শেষদিকে আইফোন বিক্রি বাড়াতে অ্যাপল এমন কিছু উন্নত এআই সুবিধার প্রচার চালায়, যেগুলো সে সময় বাস্তবায়িত হয়নি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ফিচারগুলোর অনেকগুলো এখনো পুরোপুরি চালু হয়নি এবং নিকট ভবিষ্যতেও সেগুলো চালুর সম্ভাবনা অনিশ্চিত।

এদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন তদারকি সংস্থা ‘বেটার বিজনেস ব্যুরো ন্যাশনাল অ্যাডভার্টাইজিং ডিভিশন’ (বিবিএনএএডি) জানায়, নতুন এআই-চালিত সিরি ব্যবহারের বিষয়ে অ্যাপল ভোক্তাদের কাছে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করেছে।

আদালতে দাখিল করা নথিতে অ্যাপল কোনো দায় স্বীকার করেনি। তবে মামলার সমঝোতার আওতায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ডিভাইস অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইফোন ১৬, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স, যেগুলো ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিক্রি হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা প্রতিটি ডিভাইসের বিপরীতে ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের স্বার্থে পণ্য ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

ভোক্তাদের পক্ষে মামলার আইনজীবী রায়ান ক্লার্কসন এই সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সিদ্ধান্তই নির্ধারণ করবে এর ভবিষ্যৎ প্রভাব।

উল্লেখ্য, ২০২৪ সালে এআই-সমর্থিত সিরি নিয়ে ব্যাপক প্রচারণা চালায় অ্যাপল। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট ফিচারগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বিজ্ঞাপন প্রত্যাহার করে প্রতিষ্ঠানটি। আগামী ১৭ জুন বিচারক নোয়েল ওয়াইজের আদালতে শুনানির মাধ্যমে এই সমঝোতা চূড়ান্ত অনুমোদন পাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow