মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে ভারতে আবারও বাড়ল জ্বালানির দাম, ১০ দিনে তৃতীয় দফা বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের বাজারেও। গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে।
শনিবার ভারতের বিভিন্ন বড় শহরে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি প্রায় ১ রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বশেষ সমন্বয়ের পর গত ১০ দিনে পেট্রোল ও ডিজেলের দাম মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
শুধু পেট্রোল ও ডিজেল নয়, একই সময়ে সিএনজির দামেও একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। গত ৯ দিনের মধ্যে তৃতীয়বারের মতো সিএনজির মূল্য বাড়ানো হয়েছে। শনিবার প্রতি কেজিতে ১ রুপি করে মূল্য বৃদ্ধি করা হয়েছে।
ভারতের প্রধান মেট্রো শহরগুলোর মধ্যে বর্তমানে হায়দরাবাদে সবচেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। অন্যদিকে তুলনামূলকভাবে সবচেয়ে কম মূল্যে পেট্রোল ও ডিজেল পাওয়া যাচ্ছে চণ্ডীগড়ে।
পশ্চিমবঙ্গের কলকাতায় গত শুক্রবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ১০৯ টাকা ১৭ পয়সা। পরবর্তীতে মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১১০ টাকা ১৩ পয়সায়। সর্বশেষ শনিবার নতুন মূল্য বৃদ্ধির পর পেট্রোলের দাম হয়েছে ১১১ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে ডিজেলের দাম গত শুক্রবার ছিল প্রতি লিটারে ৯৫ টাকা ৫৩ পয়সা। মঙ্গলবার তা বেড়ে ৯৬ টাকা ৪৭ পয়সা হয়। শনিবার পুনরায় দাম বাড়ার পর বর্তমানে ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৯৭ টাকা ৪১ পয়সা।
ভারতের জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে রয়েছে Indian Oil Corporation এবং Bharat Petroleum, জানিয়েছে যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
তাদের দাবি, এর ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপির আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে সংস্থাগুলো। সেই ক্ষতি সামাল দিতেই জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে অটো, ট্যাক্সি এবং গণপরিবহনের ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের অনেকেই পেট্রোল পাম্পে ক্ষোভ প্রকাশ করে বলছেন, নতুন সরকারের আগের ঋণের চাপ জনগণের ওপর মূল্যবৃদ্ধির মাধ্যমে চাপিয়ে দেওয়া হচ্ছে।
What's Your Reaction?