মানুষ কেন অন্যের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করে? জানালেন বিশেষজ্ঞরা

May 20, 2026 - 18:15
 0  14
মানুষ কেন অন্যের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করে? জানালেন বিশেষজ্ঞরা

জীবনের বিভিন্ন পর্যায়ে প্রায় প্রত্যেক মানুষই এমন কিছু ব্যক্তির মুখোমুখি হন, যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখান বা অপ্রয়োজনীয় সমালোচনায় জড়িয়ে পড়েন। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু কিংবা কর্মক্ষেত্রে এমন মানুষ পাওয়া যায়, যারা অন্যের সাফল্য, সিদ্ধান্ত বা ব্যক্তিগত জীবন নিয়ে অস্বাভাবিকভাবে ব্যস্ত থাকেন। কখনো সরাসরি মন্তব্য, কখনো আড়ালে সমালোচনা, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নজরদারিমূলক আচরণও দেখা যায়। কিন্তু এমন আচরণের পেছনে কী কারণ কাজ করে?

মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে থাকে বিভিন্ন মানসিক ও সামাজিক উপাদান। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সাইকোলজিস্ট ও টিম ম্যানেজার নাঈমা ইসলাম অন্তরা জানিয়েছেন, অন্যকে ছোট করা, মানসিক চাপ তৈরি করা, বাধা সৃষ্টি করা কিংবা নেতিবাচক আচরণ প্রদর্শনের পেছনে একাধিক মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাব, ঈর্ষা, সামাজিক তুলনা, প্রতিশোধের মানসিকতা, গোষ্ঠীগত বিদ্বেষ এবং নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা।

নিজের সীমাবদ্ধতা লুকানোর প্রবণতা

বিশেষজ্ঞদের মতে, যারা প্রায়ই অন্যকে হেয় করেন বা সমালোচনায় ব্যস্ত থাকেন, তাদের অনেকেই নিজের জীবন নিয়ে ভেতরে ভেতরে অসন্তুষ্ট থাকেন। ব্যক্তিগত ব্যর্থতা বা অপূর্ণতা গ্রহণ করতে না পেরে তারা অন্যের দিকে মনোযোগ সরিয়ে দেন। এতে তারা সাময়িক মানসিক স্বস্তি অনুভব করেন।

এছাড়া যারা নিজের অর্জন নিয়ে আত্মবিশ্বাসী নন, তারা অন্যের সাফল্যকে সহজভাবে নিতে পারেন না। এই অস্বস্তি থেকেই বিদ্রূপ, সমালোচনা বা নেতিবাচক আচরণের প্রকাশ ঘটতে পারে।

ঈর্ষা ও সামাজিক তুলনার প্রভাব

অন্যের সাফল্য, জনপ্রিয়তা, সৌন্দর্য কিংবা সুখের সঙ্গে নিজের জীবনের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবণতা। তবে এই তুলনা অনেক সময় ঈর্ষার জন্ম দেয়।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এই প্রবণতা আরও বেড়েছে। অনেকেই অন্যের সাজানো বা ইতিবাচক দিকগুলো দেখে নিজেদের জীবনের সঙ্গে তুলনা করেন, যা মানসিক অস্বস্তি তৈরি করতে পারে। ফলস্বরূপ বিদ্বেষ, খোঁচা বা নেতিবাচক মন্তব্যের মতো আচরণ দেখা যায়।

অন্যকে নিয়ন্ত্রণে রাখার প্রবণতা

অনেক ক্ষেত্রে ঈর্ষার পাশাপাশি অন্যকে নিয়ন্ত্রণ করার মানসিকতাও গুরুত্বপূর্ণ কারণ হয়ে ওঠে। কিছু মানুষ চান, আশপাশের সবাই তাদের চিন্তা বা সিদ্ধান্ত অনুযায়ী চলুক। পরিবার, সম্পর্ক কিংবা কর্মক্ষেত্রে এমন প্রবণতা প্রায়ই লক্ষ্য করা যায়।

যখন কেউ তাদের মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তখন তারা বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ নিজের প্রভাব বা নিয়ন্ত্রণ হারানোর ভয়।

আলোচনায় থাকার ইচ্ছা

কিছু মানুষ অন্যকে কেন্দ্র করে আলোচনা বা বিতর্ক তৈরি করে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে চান। তাদের ধারণা, অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকলে বা কোনো বিষয়ে প্রভাব বিস্তার করতে পারলে তারা আলোচনার কেন্দ্রে থাকতে পারবেন।

এ কারণে অনেক সময় দেখা যায়, যারা নিজের ইতিবাচক কাজ বা লক্ষ্য নিয়ে কম ব্যস্ত থাকেন, তারা অন্যের জীবন নিয়েই বেশি সময় কাটান।

নেতিবাচক আচরণ কীভাবে সামলাবেন

নাঈমা ইসলাম অন্তরার মতে, অন্যের নেতিবাচক আচরণকে ব্যক্তিগতভাবে নেওয়ার আগে বোঝার চেষ্টা করা উচিত যে, সেই ব্যক্তি নিজেও হয়তো কিছু মানসিক সংকট বা সীমাবদ্ধতার মধ্যে রয়েছেন।

কোনো মন্তব্য বা আচরণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মানসিক স্থিরতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

এছাড়া যারা নিয়মিত বিদ্রূপ বা মানসিক চাপ সৃষ্টি করেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় সীমারেখা তৈরি করা উচিত। নেতিবাচক পরিবেশ এড়িয়ে ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতির কারণে আত্মবিশ্বাস কমে গেলে বা মানসিক চাপ বাড়তে থাকলে পেশাদার কাউন্সেলিং বা সাইকোথেরাপির সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow