মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোন সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে অনলাইন মার্কেটপ্লেস তৈরিতে অ্যামাজনের সহায়তা
আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযানের ব্যবহার দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় তাল মিলিয়ে মার্কিন সেনাবাহিনী তাদের সরঞ্জাম সংগ্রহ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ ক্রয়প্রক্রিয়াকে সহজ করতে এবার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে যৌথভাবে একটি অনলাইন মার্কেটপ্লেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই উদ্যোগের আওতায় অ্যামাজনের ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) এবং আর্মি এন্টারপ্রাইজ ক্লাউড ম্যানেজমেন্ট এজেন্সি যৌথভাবে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুততম সময়ে উন্নত ড্রোন প্রযুক্তি সেনাদের হাতে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
‘ইউএএস মার্কেটপ্লেস’ নামে পরিচিত এই প্ল্যাটফর্মে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, সরকারি অংশীদার এবং মিত্রদেশগুলো একক পোর্টালের মাধ্যমে যাচাইকৃত ড্রোন সিস্টেম সংগ্রহ করতে পারবে। এটি অনেকটাই সাধারণ অনলাইন শপিং প্ল্যাটফর্মের মতো কাজ করবে—যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ড্রোনের বৈশিষ্ট্য তুলনা করতে, সরাসরি অর্ডার দিতে এবং ব্যবহারের পর মতামত বা রেটিং প্রদান করতে পারবেন।
মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এটি প্রচলিত অস্ত্র সংগ্রহ পদ্ধতির তুলনায় একটি বড় অগ্রগতি। তাদের মতে, নতুন এই ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে, যা ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা উদ্ভাবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। ফলে ড্রোন প্রযুক্তির উন্নয়নও ত্বরান্বিত হবে।
সরঞ্জাম সংগ্রহ–বিষয়ক প্রধান ব্রেন্ট ইনগ্রাম বলেন, প্রতিরক্ষাশিল্পে প্রবেশের বাধা কমিয়ে এবং উদ্ভাবকদের সঙ্গে অংশীদারিত্ব বাড়িয়ে একটি আরও কার্যকর ও দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। একইসঙ্গে ইউএএস প্রকল্পের ব্যবস্থাপক কর্নেল ড্যানিয়েল মেদাগ্লিয়া জানান, প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে সেনাদের প্রয়োজন অনুযায়ী সর্বাধুনিক প্রযুক্তি সরবরাহ নিশ্চিত করা যাবে।
বর্তমানে নতুন সামরিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও বিভিন্ন স্তরের অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়। এছাড়া বাজেট অনুমোদনের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব থাকে। নতুন এই অনলাইন মার্কেটপ্লেস সেই জটিলতা অনেকটাই কমিয়ে এনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সরঞ্জাম সংগ্রহের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
What's Your Reaction?