মিরাজকে নিয়ে জাকির নায়েকের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. জাকির নায়েক। তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মিরাজের সঙ্গে তোলা ছবি এবং উপরে লেখা রয়েছে ‘Interaction with Muslim Sportsman’। নিচে পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে—‘Mehedi Hasan Miraz, Captain Bangladesh National Cricket Team’।
বৃহস্পতিবার বিকেলের দিকে প্রথমবার ছবিটি পোস্ট করেন ড. জাকির নায়েক। তবে সেই পোস্টে একটি ভুল ছিল। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সেখানে নাম লেখা হয়েছিল নাজমুল হোসেন শান্ত। কিছু সময় পরই পোস্টটি সরিয়ে নেওয়া হয়, যা থেকে ধারণা করা হয় ভুলটি বুঝতে পেরে তিনি সেটি মুছে ফেলেছেন।
পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে একই ছবি ও ক্যাপশন পুনরায় শেয়ার করা হয়। এবার সংশোধন করে সঠিকভাবে মেহেদী হাসান মিরাজের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত ড. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়া-এর পুত্রজায়ায় বসবাস করছেন। অন্যদিকে, পাকিস্তান সিরিজ শেষে রমজানের শেষ দশকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যান মিরাজ। ধারণা করা হচ্ছে, সেখানেই তাদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে সে বিষয়ে জাকির নায়েক কোনো তথ্য দেননি।
ফেসবুকে পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে। হাজার হাজার ভক্ত-অনুরাগী এতে প্রতিক্রিয়া জানান এবং পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বিপুল সংখ্যক মন্তব্য ও শেয়ারের মাধ্যমে বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
What's Your Reaction?