মেয়ের অনুপ্রেরণায় ‘রামায়ণ’-এ রণবীর, বদলে গেছে তার ভাবনা

Apr 8, 2026 - 14:49
 0  9
মেয়ের অনুপ্রেরণায় ‘রামায়ণ’-এ রণবীর, বদলে গেছে তার ভাবনা

বলিউডে রোমান্টিক ‘চকলেট বয়’ ইমেজ ছাড়িয়ে এখন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে নিজেকে প্রস্তুত করছেন রণবীর কাপুর। ‘রামায়ণ’ চলচ্চিত্রে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয়ের জন্য গত কয়েক মাস ধরে কঠোর সাধনায় মগ্ন সময় পার করছেন তিনি। আর এই যাত্রায় তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে তার মেয়ে রাহা কাপুর

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, শুটিং শেষে বাসায় ফিরলেই মেয়ের নানা প্রশ্নে মুখর হয়ে ওঠে পরিবেশ। রাহা প্রায়ই জানতে চায়, তিনি সেদিন হনুমান বা সীতার সঙ্গে কী শুটিং করেছেন। মেয়ের এই সরল কৌতূহল তাকে আবেগাপ্লুত করে বলে জানান অভিনেতা। একই সঙ্গে প্রতিদিন মেয়েকে রামায়ণের গল্প শোনানো তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

তবে শুরুতে এই সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলেও জানান রণবীর। তার মতে, শ্রীরামচন্দ্রের মতো গাম্ভীর্যপূর্ণ ও পবিত্র চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত মনে হয়নি। কিন্তু মেয়ের জন্মের পর তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। সন্তানের চোখে আদর্শ বাবা হয়ে ওঠার ইচ্ছাই তাকে শেষ পর্যন্ত এই প্রজেক্টে যুক্ত হতে উদ্বুদ্ধ করে।

পরিচালক নিতেশ তিওয়ারি নির্মিত ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র হতে যাচ্ছে। প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এদিকে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই বলিউডে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে নির্মাতা সঞ্জয় গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। তার ওই মন্তব্যকে অনেকে ‘রামায়ণ’-এর টিজারকে উদ্দেশ্য করে করা বলে মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow