ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে নজির গড়লেন জাপানি সমর্থকরা
খেলার মাঠে শৃঙ্খলা, সচেতনতা ও দায়িত্ববোধের আরেকটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন জাপানের ফুটবল সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পর অন্য দর্শকদের মতো দ্রুত স্টেডিয়াম ছাড়েননি তারা; বরং গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেই মাঠ ত্যাগ করেছেন।
এটি অবশ্য জাপানি সমর্থকদের জন্য নতুন কোনো ঘটনা নয়। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এর আগেও বহুবার এমন দায়িত্বশীল আচরণের নজির দেখিয়েছে তারা। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও নিজেদের দল ছাড়াও অন্য দলের ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের।
যুক্তরাষ্ট্রে চলমান টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় জাপান। ডালাসে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় উঠে আসে গ্যালারিতে জাপানি সমর্থকদের ব্যতিক্রমী আচরণ।
খেলা শেষ হওয়ার পর গ্যালারিতে পড়ে থাকা পানির বোতল, খাবারের মোড়ক ও অন্যান্য বর্জ্য নিজেরাই সংগ্রহ করতে দেখা যায় তাদের। বড় প্লাস্টিকের ব্যাগে আবর্জনা ভরে নির্ধারিত স্থানে ফেলে পুরো এলাকা পরিষ্কার করার পরই স্টেডিয়াম ত্যাগ করেন তারা।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন জাপানের সমর্থকরা। ফুটবলপ্রেমীরা তাদের এই নাগরিক দায়িত্ববোধ ও সচেতনতার ভূয়সী প্রশংসা করেছেন।
বিশ্লেষকদের মতে, এটি জাপানের ক্রীড়া সংস্কৃতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির স্থানীয় লিগগুলোতেও ম্যাচ শেষে সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায়। তাদের বিশ্বাস, নিজের তৈরি করা বর্জ্য পরিষ্কার রাখাও একজন দায়িত্বশীল দর্শকের কর্তব্য।
আন্তর্জাতিক অঙ্গনে বারবার একই বার্তা দিচ্ছেন জাপানি সমর্থকরা—খেলা শুধু আনন্দের নয়, দায়িত্ববোধেরও প্রতীক।
What's Your Reaction?