যোগব্যায়ামের সঠিক সময় কখন? খালি পেটে নাকি খাবারের পর—জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি ধরে রাখতে যোগব্যায়ামের গুরুত্ব দিন দিন বাড়ছে। শুধু শরীর নমনীয় রাখাই নয়, বরং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতেও যোগব্যায়াম কার্যকর ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগব্যায়াম যেমন উপকারী, তেমনি ভুল সময়ে এটি অনুশীলন করলে উপকারের বদলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই আয়ুর্বেদ ও যোগশাস্ত্র অনুযায়ী সঠিক সময় ও নিয়ম মেনে যোগব্যায়াম করা জরুরি।
খালি পেটে যোগব্যায়াম কেন ভালো?
যোগশাস্ত্র অনুযায়ী, সকালবেলা খালি পেটে যোগব্যায়াম করাই সবচেয়ে উপযোগী। পেট ফাঁকা থাকলে শরীরের শক্তি পুরোপুরি আসন ও প্রাণায়ামের দিকে কেন্দ্রীভূত করা যায়। এতে শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ ভালো হয় এবং শরীরের নমনীয়তা বৃদ্ধি পায়। একই সঙ্গে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গও উদ্দীপিত হয়।
অন্যদিকে, খাবার খাওয়ার পরপরই শরীরের অধিকাংশ শক্তি হজম প্রক্রিয়ায় ব্যয় হয়। এই সময়ে যোগব্যায়াম করলে হজমে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বমি বমি ভাব, অ্যাসিডিটি, পেট ব্যথা, পেট ভারী লাগা কিংবা বদহজমের মতো জটিলতা তৈরি হতে পারে।
যোগব্যায়ামের আগে কী খাওয়া যেতে পারে?
যোগব্যায়াম শুরু করার প্রায় আধ ঘণ্টা আগে হালকা গরম বা সাধারণ পানি পান করা যেতে পারে। চাইলে কলা, আপেলসহ হালকা কিছু ফলও খাওয়া যায়। এতে শরীর প্রয়োজনীয় শক্তি পায়। তবে খেয়াল রাখতে হবে, ব্যায়ামের সময় পেট যেন অতিরিক্ত ভর্তি না থাকে।
দিনের অন্য সময়ে যোগব্যায়াম করলে কী করবেন?
সকালে সময় না পেলে দিনের অন্য সময়েও যোগব্যায়াম করা যায়। তবে সে ক্ষেত্রে ভারী খাবার খাওয়ার অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা পর ব্যায়াম করা উচিত। আর হালকা খাবার খেলে অন্তত ১ থেকে ২ ঘণ্টা বিরতি দিয়ে যোগব্যায়াম শুরু করতে হবে।
বিশেষজ্ঞরা বলেন, খাবারের পর শুধুমাত্র বজ্রাসন করা যেতে পারে, কারণ এটি হজমশক্তি বাড়াতে সহায়তা করে। তবে অন্যান্য আসনের জন্য খালি পেট থাকা আবশ্যক।
যোগব্যায়ামের পর কখন খাবেন?
যোগব্যায়াম শেষ করার পর সঙ্গে সঙ্গে খাবার গ্রহণ না করাই ভালো। অন্তত ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে পানি বা হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে শরীর স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে এবং ব্যায়ামের সুফলও ভালোভাবে পাওয়া যায়।
What's Your Reaction?