রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন সময়সূচি
আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, সকাল ৮টায়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) প্রাঙ্গণে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।
এ ছাড়া ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ এবং দেড় হাজারেরও বেশি মসজিদে ঈদের দিন সকালে জামাতের আয়োজন করা হয়েছে, যাতে মুসল্লিরা সুবিধাজনক স্থানে নামাজ আদায় করতে পারেন।
What's Your Reaction?