রাজধানীতে সবজির দামে আগুন, শসা-বেগুনের সেঞ্চুরি

May 9, 2026 - 14:19
 0  17
রাজধানীতে সবজির দামে আগুন, শসা-বেগুনের সেঞ্চুরি

রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। কয়েক দিনের টানা বৃষ্টি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত পরিবহন ব্যয় বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁকরোল, শসা ও বেগুন এখন সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে। এসব পণ্যের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

বর্তমানে বাজারে পটল প্রতি কেজি ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শসা প্রতি কেজি ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া করলা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা এবং ধুন্দল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কাঁচা মরিচের কেজি পৌঁছেছে ১৬০ টাকায়। পাশাপাশি পেঁপে প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজারে এসে প্রায় সব ধরনের সবজির দামই বেশি দেখা যাচ্ছে। সাধারণ মানুষের জন্য এই দামে নিয়মিত সবজি কেনা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, কয়েক দিন আগেও পেঁপের দাম কম ছিল, এখন সেটিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। শসা, করলা, বেগুন ও কাঁকরোলের মতো সবজির দাম কেজিতে ১২০ টাকায় পৌঁছেছে।

শুধু সবজি নয়, বেড়েছে মুরগি ও গরুর মাংসের দামও। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায় এবং কালারবার্ড বা হাইব্রিড সোনালির দাম ৩২০ থেকে ৩৩০ টাকা। অন্যদিকে গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০ থেকে ৮৫০ টাকায় পৌঁছেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, গত এক মাসে বেগুনের দাম বেড়েছে ৮২ শতাংশ, কাঁচা মরিচের দাম ৬৭ শতাংশ এবং শসার দাম ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ডিমের দামও হালিপ্রতি প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

আরেক চাকরিজীবী অমিত হাসান বলেন, শীত মৌসুমে কিছুদিন বাজারে স্বস্তি থাকলেও এখন আবার খরচ বাড়তে শুরু করেছে। দিন যত যাচ্ছে, সংসার চালানো তত কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow