‘রাজনীতি করতে চাইনি, মমতার অনুরোধেই এসেছি’: মুখ খুললেন দেব
ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনকে ঘিরে টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিশেষ করে তিনি দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিচ্ছেন কি না—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে। অবশেষে এসব আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় এই অভিনেতা।
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, তিনি কখনোই সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে চাননি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি রাজনীতিতে যোগ দেন।
দেবের ভাষায়, “আমি তো রাজনীতি করতেই চাইনি। দিদির অনুরোধে রাজনীতিতে এসেছি। রাজনীতি না করলে আমার চলবে না—এমন পরিস্থিতি আমার নয়। যারা এমন ভাবছেন, তারা ভুল ভাবছেন।”
এ সময় টালিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন সংকট ও ‘ব্যান সংস্কৃতি’ নিয়েও কথা বলেন তিনি। দেব বলেন, চলচ্চিত্র অঙ্গনে কাউকে অযথা নিষিদ্ধ করার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। প্রযোজকদের ওপর অতিরিক্ত নিয়ম চাপিয়ে দিলে শিল্পের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, সুস্থ পরিবেশে কাজের সুযোগ বাড়লে বাইরের প্রযোজনাও বাংলার ইন্ডাস্ট্রিতে আসবে। তবে অতীতে তৃণমূল কংগ্রেসের সময় যে ভুলগুলো হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে—সেদিকেও গুরুত্ব দেন তিনি।
ফেডারেশনের ভবিষ্যৎ নেতৃত্বে নিজেকে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে দেব বলেন, তিনি আর বেশি রাজনৈতিকভাবে জড়াতে চান না। আগের মতো অভিনয়েই মনোযোগ দিতে চান।
তিনি বলেন, “আমি সবসময় ইন্ডাস্ট্রির ভালো চেয়েছি। সামনে থেকেও কাজ করেছি। এখন যারা ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করবে, আমি নেপথ্যে থেকে তাদের পাশে থাকব।”
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনেও একাধিক ধাক্কার মুখে পড়েছেন এই অভিনেতা। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেই তার প্রিয় পোষ্য ‘লাকি’র মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এ প্রসঙ্গে দেব বলেন, পোষ্য হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
তিনি জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময়ও পোষ্যটি সুস্থ ছিল। পরে অস্ত্রোপচার সফল হওয়ার খবর পেলেও হঠাৎ মৃত্যুর সংবাদ তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়।
একইসঙ্গে নির্বাচনে দলের পরাজয়ও তাকে হতাশ করেছে বলে জানান দেব। তবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূল কংগ্রেসের হয়ে ঘাটাল আসন থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নেন দেব এবং জয়ী হন। এরপর ২০১৯ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও দলের হয়ে সক্রিয় প্রচারণায় অংশ নিয়েছিলেন এই তারকা অভিনেতা।
What's Your Reaction?