রামিসা হত্যার বিচার দাবিতে জামালপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

May 23, 2026 - 15:45
 0  16
রামিসা হত্যার বিচার দাবিতে জামালপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও নিপীড়ন প্রতিরোধ এবং শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনে অংশ নেয় ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’ এবং জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক।

শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একই স্থানে প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করেন।

জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, আইনজীবী শামীম আরা, জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বিমল জেমস কস্তা এবং মনিমেলা খেলাঘর আসরের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়সহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow