রামিসা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (২০ মে) তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ এই আবেদন দাখিল করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ঘটনার পর সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোহেল রানা একই ভবনের পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও এসবি সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
What's Your Reaction?