রাহুলের মৃত্যুতে ভেঙে গেল দূরত্ব, স্মৃতিচারণে অনন্যা গুহ

Mar 31, 2026 - 12:00
 0  18
রাহুলের মৃত্যুতে ভেঙে গেল দূরত্ব, স্মৃতিচারণে অনন্যা গুহ

ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে। ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে এক দুর্ঘটনায় প্রাণ হারান ৪২ বছর বয়সী এই অভিনেতা। তাঁর মৃত্যু সংবাদ অনেকের মতোই নাড়িয়ে দিয়েছে অভিনেত্রী অনন্যা গুহ-কেও, যাঁর সঙ্গে অতীতে কিছু তিক্ত অভিজ্ঞতা ছিল।

কয়েক মাস আগে কলকাতার পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁয় ‘গোমাংস’ বিতর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। সেই বিতর্কে জড়িয়ে পড়েন অনন্যা ও রাহুল। একসময় তা ব্যক্তিগত দূরত্বে রূপ নেয়। অভিনয়ের পাশাপাশি অনন্যা যেখানে ভ্লগিংয়ে ব্যস্ত ছিলেন, সেখানে রাহুল মনোযোগী ছিলেন তাঁর পডকাস্ট নিয়ে।

তবে রাহুলের মৃত্যুর খবর হঠাৎ সামনে আসতেই সেই পুরোনো সব বিরোধ যেন গুরুত্ব হারায়। এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, অতীতের স্মৃতিগুলো স্বাভাবিকভাবেই মনে পড়েছে। তিনি জানান, রাহুলের সঙ্গে তাঁর একটি কাজ করার কথা ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে আগে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁদের।

মতের অমিল প্রসঙ্গে অনন্যা বলেন, ভিন্নমত থাকলেও কারও অমঙ্গল কামনা করার প্রশ্নই আসে না। একই ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার সম্ভাবনাও উড়িয়ে দেননি এই অভিনেত্রী।

রাহুলের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করলেও অনন্যা সেখানে নীরব ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, শোক প্রকাশ এখন অনেক ক্ষেত্রেই প্রদর্শনমূলক হয়ে উঠছে বলে তাঁর মনে হয়। তাঁর মতে, যারা সত্যিকার অর্থে রাহুলের ঘনিষ্ঠ ছিলেন, তারা এমন মুহূর্তে প্রকাশ্যে কিছু বলার অবস্থায় নেই।

উল্লেখ্য, গত রোববার (২৯ মার্চ) তালসারি সৈকতে শুটিংয়ের সময় পানিতে নেমে দুর্ঘটনার শিকার হন রাহুল। সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রকে উদ্ধার করা গেলেও রাহুলকে খুঁজে পেতে সময় লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow