রোদে থেকেও কেন কমছে না ভিটামিন ডি-এর ঘাটতি?
বর্তমানে অনেকেই নিয়মিত রোদে থাকা এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের পরও শরীরে এই গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি কাটাতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, এটি এখন একটি সাধারণ স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই মানুষ বুঝতেই পারেন না যে তারা দীর্ঘদিন ধরে ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন।
বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ভিটামিন ডি কার্যকর হওয়ার জন্য এটি সঠিকভাবে হজম ও শোষিত হওয়া জরুরি। তবে অন্ত্রের কিছু জটিলতা যেমন সিলিয়াক ডিজিজ, ক্রোন রোগ বা দীর্ঘদিনের হজমজনিত সমস্যার কারণে শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি শোষণ করতে পারে না। ফলে পুষ্টিকর খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করলেও ঘাটতি থেকে যায়।
এছাড়া কিছু ওষুধও শরীরে ভিটামিন ডি-এর মাত্রা কমিয়ে দিতে পারে। দীর্ঘদিন হাঁপানি, বাত বা খিঁচুনির ওষুধ ব্যবহারের পাশাপাশি ওজন কমানোর কিছু ওষুধ এই ভিটামিনের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত ওজন বা শরীরে অতিরিক্ত মেদ থাকলেও ভিটামিন ডি ঘাটতির ঝুঁকি বাড়ে। কারণ শরীরের চর্বি ভিটামিন ডি আটকে রাখে, ফলে তা রক্তে পর্যাপ্ত মাত্রায় পৌঁছাতে পারে না। এ কারণে স্থূল ব্যক্তিদের অনেক সময় স্বাভাবিকের তুলনায় বেশি ভিটামিন ডি প্রয়োজন হয়।
বিশেষজ্ঞদের মতে, লিভার ও কিডনির সমস্যাও এই ঘাটতির অন্যতম কারণ। ত্বকে তৈরি হওয়া ভিটামিন ডি লিভার ও কিডনির মাধ্যমে সক্রিয় হয়। কিন্তু ফ্যাটি লিভার, কিডনির জটিলতা বা বয়সজনিত দুর্বলতার কারণে এই প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে ভিটামিন ডি ঠিকভাবে কাজ করতে পারে না।
তাই শুধু রোদে থাকা বা সাপ্লিমেন্ট গ্রহণ করলেই সবসময় ভিটামিন ডি ঘাটতি পূরণ হয় না। শরীরের অভ্যন্তরীণ নানা সমস্যা, জীবনযাপন এবং কিছু ওষুধের প্রভাবও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন এ ধরনের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
What's Your Reaction?