শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডে উদ্বেগ, সামাজিক প্রতিরোধের আহ্বান মির্জা ফখরুলের

May 21, 2026 - 14:00
 0  15
শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডে উদ্বেগ, সামাজিক প্রতিরোধের আহ্বান মির্জা ফখরুলের

দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ঘটনার বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসব ঘটনাকে সমাজে চলমান নৈতিক অবক্ষয়ের একটি গুরুতর প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক এসব অপরাধকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং দীর্ঘ সময় ধরে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, দায়িত্ববোধের ঘাটতি এবং মানবিক চেতনার দুর্বলতার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ বা সরকারের একক উদ্যোগের মাধ্যমে এ ধরনের সংকট মোকাবিলা করা সম্ভব নয়। পরিস্থিতি পরিবর্তনে প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও সচেতনতা আন্দোলন।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং নারীর প্রতি সম্মানবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ব্যক্তিত্ব, গণমাধ্যম এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow