শুয়ে বই পড়ার অভ্যাসে বাড়তে পারে নানা শারীরিক সমস্যা
অনেকেই বিছানায় বা সোফায় আরাম করে শুয়ে বই, পত্রিকা কিংবা অন্যান্য লেখা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চিৎ হয়ে শুয়ে বই পড়া চোখের জন্য ক্ষতিকর হতে পারে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বই পড়ার সময় চোখ থেকে প্রায় ১৫ ইঞ্চি দূরত্ব বজায় রাখা উচিত। কিন্তু চিৎ হয়ে শুয়ে বই পড়ার সময় এই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা বেশ কঠিন হয়ে পড়ে। কারণ দীর্ঘ সময় হাতে বই ধরে রাখা অস্বস্তিকর হওয়ায় অধিকাংশ মানুষ বুকের ওপর বই রেখে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এ অবস্থায় চোখকে নিচের দিকে বেশি সময় ধরে স্থির রাখতে হয়, যা চোখের স্বাভাবিক দৃষ্টিপথে প্রভাব ফেলতে পারে। ফলে চোখের পেশির নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। দীর্ঘদিন এমন অভ্যাস বজায় থাকলে তা দৃষ্টিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ সমস্যাকে Asthenopia বা চোখের ক্লান্তিজনিত সমস্যা বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, ভুল পদ্ধতিতে দীর্ঘ সময় বই পড়ার ফলে কয়েক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে—
- চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
- চোখের আশপাশে রক্ত সঞ্চালন কমে যেতে পারে।
- শিশুদের ক্ষেত্রে অল্প বয়সেই চোখের পাওয়ার পরিবর্তন হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
- চোখের অশ্রুগ্রন্থির স্বাভাবিক তরল কমে গিয়ে চোখের পেশির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
- মাথার পেশিতেও চাপ তৈরি হতে পারে, যা ঘুমের স্বাভাবিক চক্রে প্রভাব ফেলতে পারে।
- দীর্ঘমেয়াদে অস্থিরতা ও উদ্বেগের মাত্রাও বাড়তে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বই পড়ার সময় সঠিক বসার ভঙ্গি ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা চোখ ও শরীরের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
What's Your Reaction?