শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

 - 
May 23, 2026 - 11:36
 0  16
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

চলতি বছরের হজ কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, নিবন্ধিত সব বাংলাদেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে জানানো হয়, ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সদস্যসহ এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি আরবের মক্কা থেকে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, এ বছর নিবন্ধিত সব হজযাত্রী সফলভাবে সৌদি আরবে পৌঁছেছেন এবং হজযাত্রী পরিবহন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ২০১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী।

এদিকে পবিত্র হজ শেষে দেশে ফেরার ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হবে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

অন্যদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জন মারা গেছেন।

সবশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৬১ বছর বয়সী মোহাম্মদ নজরুল ইসলাম নামে এক হজযাত্রীর মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow