সংস্কার থেকে সরে এলে ‘আরেক অভ্যুত্থান’ হতে পারে: হাসনাত আবদুল্লাহ

Apr 6, 2026 - 14:49
 0  11
সংস্কার থেকে সরে এলে ‘আরেক অভ্যুত্থান’ হতে পারে: হাসনাত আবদুল্লাহ

সংস্কার ইস্যুতে পিছিয়ে গেলে ভবিষ্যতে আবারও বড় ধরনের গণআন্দোলনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ক্ষমতাসীনরা যদি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সংস্কার কার্যক্রমে গতি কমায় বা সেখান থেকে সরে আসে, তাহলে ২০২৪ সালের মতো আরেকটি অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘বিচার বিভাগের স্বাধীনতা–সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ/প্রতিকার অধ্যাদেশ স্থগিত: সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে ‘ভয়েস ফর রিফর্ম’।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থান কেবল ব্যক্তি পরিবর্তনের জন্য হয়নি, বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের দাবি থেকেই এ আন্দোলনের সূচনা। তাঁর ভাষায়, পুরোনো ব্যবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে যেকোনো ব্যক্তি একই ধরনের কর্তৃত্ববাদী চরিত্রে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক পরিবর্তন না আনলে দেশ আবারও অনিশ্চয়তার দিকে এগোতে পারে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি এমন একটি রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন, যেখানে নাগরিক নিরাপত্তা নিশ্চিত থাকবে।

মানবাধিকার কমিশনের স্বাধীনতা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি যদি কার্যকরভাবে স্বাধীন না থাকে, তাহলে তদন্তের দায়িত্ব আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যেতে পারে, যা নিরপেক্ষতার প্রশ্ন তুলবে।

সংলাপে আরও বক্তব্য দেন আইনজীবী ও মানবাধিকারকর্মী মানজুর–আল–মতিন। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত অগ্রসর হলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়টি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রয়েছে। তিনি দ্রুত এ সংক্রান্ত আইন প্রণয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমানসহ বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow