সম্পর্কে ‘ফিউচার ফেকিং’: আপনি কি প্রতারণামূলক আশ্বাসের শিকার?

Mar 24, 2026 - 16:47
 0  16
সম্পর্কে ‘ফিউচার ফেকিং’: আপনি কি প্রতারণামূলক আশ্বাসের শিকার?

একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক কেবল মুহূর্তের আবেগ বা ভালো লাগার ওপর নির্ভর করে না; বরং তা গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া, দায়িত্ববোধ এবং বাস্তবসম্মত ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, সম্পর্কের শুরুতেই একপক্ষ অবাস্তব ও অতিরঞ্জিত ভবিষ্যতের স্বপ্ন দেখাতে থাকে—যার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না। এই আচরণকেই বলা হয় ‘ফিউচার ফেকিং’।

ফিউচার ফেকিং কীভাবে বোঝা যায়

এ ধরনের আচরণে সাধারণত ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যেই সম্পর্ককে ঘিরে বড় বড় পরিকল্পনা তুলে ধরেন। ভবিষ্যৎকে অত্যন্ত সুন্দর ও নিখুঁত হিসেবে উপস্থাপন করেন, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। বরং বারবার পরিকল্পনা পিছিয়ে দেওয়া, এড়িয়ে যাওয়া বা পরিবর্তন করার প্রবণতা লক্ষ্য করা যায়।

বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন বা ঝগড়ার সময় এই মিথ্যা আশ্বাসগুলোকে ‘সমাধান’ হিসেবে ব্যবহার করা হয়—যেন কথার জালে পরিস্থিতি সামাল দেওয়া যায়।

কারা এ ধরনের আচরণ করেন

যারা নিজেদেরকেই বেশি গুরুত্ব দেন বা সম্পর্কের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চান, তারা প্রায়ই ফিউচার ফেকিংয়ের আশ্রয় নেন। এছাড়া, কেউ যদি নিজেই সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন কিংবা দায়িত্ব এড়িয়ে শুধু সম্পর্কের আনন্দ উপভোগ করতে চান, তার মধ্যেও এই প্রবণতা দেখা যেতে পারে।

মানসিক প্রভাব

যার সঙ্গে এমন আচরণ করা হয়, তিনি ধীরে ধীরে আবেগগত দ্বিধা ও অনিশ্চয়তায় ভুগতে থাকেন। একপর্যায়ে নিজেকে প্রতারিত মনে হতে পারে এবং সম্পর্কের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। এর ফলে হতাশা তৈরি হয় এবং ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়াতে গেলেও বিশ্বাসের সংকট দেখা দেয়।

এমনকি অযথা দুশ্চিন্তা ও সন্দেহ সম্পর্কের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করতে পারে।

সব স্বপ্নই কি ফিউচার ফেকিং?

না, সব কল্পনা বা স্বপ্ন ফিউচার ফেকিং নয়। প্রিয় মানুষকে নিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা স্বাভাবিক এবং স্বাস্থ্যকরও বটে। অনেক সময় কিছু অবাস্তব স্বপ্নও দুজন মানুষ আনন্দের সঙ্গে ভাগ করে নেন—যেখানে দুজনই জানেন, সেগুলো বাস্তবায়ন করা কঠিন। এই পারস্পরিক বোঝাপড়ার জায়গা থাকলে সেটি ফিউচার ফেকিং নয়।

নিজেকে সুরক্ষিত রাখার উপায়

সম্পর্কে কেবল কথার ওপর নির্ভর না করে কাজ ও বাস্তব পদক্ষেপকে গুরুত্ব দিন। একজন মানুষ ভবিষ্যৎ নিয়ে কতটা আন্তরিক, তা বোঝা যায় তার কার্যকলাপ থেকে। ছোট হলেও যদি বাস্তব অগ্রগতি দেখা যায়, সেটি ইতিবাচক লক্ষণ।

অন্যদিকে, বারবার পরিকল্পনা বদলানো বা কোনো অগ্রগতি না থাকাটা সতর্ক সংকেত হতে পারে। খুব দ্রুত কাউকে বিশ্বাস করা বা অল্প সময়ের মধ্যে বড় স্বপ্নে ভেসে যাওয়া থেকে বিরত থাকা জরুরি।

এছাড়া, ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা এবং আবেগগতভাবে দ্রুত নির্ভরশীল হয়ে না পড়া সম্পর্ককে সুস্থ রাখতে সহায়ক। শুধু সুন্দর কথার ওপর ভরসা করে গভীর সম্পর্কে জড়িয়ে পড়া অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে।

সচেতনতা ও বাস্তবতার ভারসাম্য বজায় রাখলেই এমন পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow