সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প'
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে আনা হয়েছে। আপাতত সেটিকে খামারেই লালন-পালন করা হবে।
এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা মিল পাওয়ায় খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই স্নেহবশত এর নাম রাখেন ‘ট্রাম্প’।
অস্বাভাবিক ও ব্যতিক্রমধর্মী এই নামের কারণে অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে ৭০০ কেজি ওজনের মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি কিনে নিয়েছিলেন।
মহিষটি দেখতে শুধু শিশু-কিশোর কিংবা তরুণরাই নয়, বিপুলসংখ্যক নারী দর্শনার্থীরও ভিড় জমেছিল খামারে। বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ সেটি দেখতে এসেছিলেন। অনেকেই কিনতে না পেরে হতাশার কথাও জানান।
দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষ। এএফপি থেকে রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।
What's Your Reaction?