সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, দলে ফিরলেন মোরছালিন
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ম্যাচটির আগে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টস জানিয়েছে, সর্বশেষ ভিয়েতনামের বিপক্ষে খেলা দলে পরিবর্তন এনে আবারও একাদশে জায়গা পেয়েছেন শেখ মোরছালিন। পাশাপাশি গোলবারের দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাকে।
যদিও বাংলাদেশের জন্য ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতা রক্ষার, তবুও কোচ কাবরেরা এটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাছাইপর্বে দল ভালো পারফর্ম করলেও প্রত্যাশা অনুযায়ী পয়েন্ট পাওয়া যায়নি। তাই শেষ ম্যাচটি জিতে ইতিবাচকভাবে পর্ব শেষ করার লক্ষ্য তাদের।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। বাকি ম্যাচগুলোতে রয়েছে দুটি হার ও দুটি ড্র, ফলে মোট সংগ্রহ ৫ পয়েন্ট। অন্যদিকে একই সংখ্যক ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর ইতোমধ্যেই চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
এ অবস্থায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মূলত মর্যাদার লড়াই হলেও, জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ হিসেবে দেখছে দলটি।
What's Your Reaction?