হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ১৮ জনের

May 21, 2026 - 13:12
 0  15
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ১৮ জনের

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোট ১৮৯টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। এ পর্যন্ত হজযাত্রীদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন।

তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী ব্যক্তিদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৫টি ফ্লাইট। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে পরিচালিত হয়েছে ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ২৫টি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৪ হাজার ৫৬৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, হজযাত্রী পরিবহনের ফ্লাইট কার্যক্রম আজ পর্যন্ত চলবে।

অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ফ্লাইট পরিচালনা ও সার্বিক সমন্বয় কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow