হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ এখন নিরাপদে এলাকা ত্যাগের চেষ্টা চালাচ্ছে। সৌদি আরব থেকে সার বহনকারী জাহাজটি গন্তব্য পরিবর্তন করে হরমুজ প্রণালী অতিক্রমের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামে বিএসসি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এই সভায় তিনি জাহাজটির সর্বশেষ অবস্থার কথা তুলে ধরেন।
তিনি জানান, এর আগে হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কারণে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গিয়ে নোঙর করতে হয়েছিল। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় নতুন রুটে নিরাপদে অগ্রসর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বিএসসির বহর সম্প্রসারণ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সংস্থাটির বহরে আরও তিনটি নতুন জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘ওয়ান শিপ পলিসি’ অনুসরণ করে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে জাহাজ ক্রয়ের পরিকল্পনার কথাও জানান তিনি।
What's Your Reaction?