হরমুজ সংকটের মাঝেও বাংলাদেশে এলো সৌদি তেলের জাহাজ

May 7, 2026 - 18:03
 0  17
হরমুজ সংকটের মাঝেও বাংলাদেশে এলো সৌদি তেলের জাহাজ

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জেটিতে এই তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই মাস ধরে দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসেনি। এমন পরিস্থিতিতে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল বহন করে গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে চীনা জাহাজ ‘নিনেমিয়া’। প্রায় ১৫ দিনের দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়।

তেল খালাস কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ইতোমধ্যে ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় ৪ হাজার টন করে অপরিশোধিত তেল পরিবহন করতে পারবে। এতে প্রতিদিন প্রায় ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পুরো পরিবহন ও সরবরাহ কার্যক্রম তদারকি করছে। কুতুবদিয়া থেকে পতেঙ্গার ইআরএল পর্যন্ত লাইটার জাহাজের মাধ্যমে তেল পরিবহন করা হচ্ছে।

এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই আরও প্রায় দুই লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর বড় পরিমাণে ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছানোয় জ্বালানি খাতে স্বস্তি ফিরবে। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির কার্যক্রমও আবার স্বাভাবিক গতিতে পরিচালনা করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow