হামের টিকায় কারা অন্তর্ভুক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০ জেলার ৩০টি এলাকাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব এলাকায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে—তারা আগে টিকা নিয়েছে কি না, তা বিবেচনায় নেওয়া হবে না।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, বর্তমানে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতে টিকাদানের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানের চেয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমার মানুষের জীবন রক্ষা করতে হবে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।” এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
শিশু হাসপাতালগুলোতে আইসিইউ সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যমান আইসিইউ সুবিধার ওপর চাপ সৃষ্টি হয়েছে। আইসিইউ বেড বাড়ানো সময়সাপেক্ষ হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি প্রয়োজন থাকা শিশুদের জন্য বিকল্প ব্যবস্থার বিষয়েও কাজ চলছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী এবং অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামীকাল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
What's Your Reaction?