হামের হঠাৎ বিস্তার ‘বজ্রপাতের মতো’, প্রস্তুতির সুযোগ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
দেশে সাম্প্রতিক সময়ে হাম–এর আকস্মিক বিস্তারকে ‘বজ্রপাতের মতো’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এই পরিস্থিতি এতটাই হঠাৎ তৈরি হয়েছে যে আগাম প্রস্তুতির সুযোগ ছিল না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট–এ আয়োজিত একটি প্রশিক্ষণ সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে টিকা সংগ্রহে উদ্যোগ নিয়েছে। করোনাকালে অব্যবহৃত ৬০৪ কোটি টাকা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ইউনিসেফ–এর মাধ্যমে ইপিআই কর্মসূচির জন্য ব্যবহারের অনুমোদন মন্ত্রিসভা থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি বৈশ্বিক টিকা জোট গ্যাভি–এর কাছ থেকেও হামের টিকা ধার নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী রোববার থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
তিনি এই সংকটময় সময়ে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
What's Your Reaction?