১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টরা দ্রুতগতিতে কাজ করছেন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী উদ্বোধন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমানবন্দরের ডিজিটাল সেবার উন্নয়নের অংশ হিসেবে প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে।
এর ফলে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন অংশে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি।
What's Your Reaction?