২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে দেখতে চান পর্তুগাল কোচ মার্টিনেজ
বয়স ৪১ ছুঁলেও ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যাচ্ছে না। পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে ২০৩০ সালের বিশ্বকাপেও রোনালদোকে দলে রাখতে তাদের কোনো আপত্তি নেই।
আসন্ন বিশ্বকাপে অংশ নিলে এটি হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। চার দশকের গণ্ডি পেরিয়ে গেলেও মাঠে তার পারফরম্যান্সে এখনো ভাটা পড়েনি। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে নিয়মিত খেলছেন এবং গোলও করছেন তিনি। পাশাপাশি অবসরের বিষয়ে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেননি এই পর্তুগিজ মহাতারকা।
সম্প্রতি স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০৩০ বিশ্বকাপে রোনালদোর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে মার্টিনেজ বলেন, “এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়। নিজের সামর্থ্য ও পারফরম্যান্স দিয়েই সে এই অবস্থান অর্জন করেছে।”
পর্তুগাল কোচ আরও বলেন, “আমরা চাই ক্রিশ্চিয়ানো রোনালদোর আদর্শ ও পেশাদারিত্ব দেশের তরুণ ফুটবলারদের মধ্যে ছড়িয়ে পড়ুক। তিনি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় এক রোল মডেল।”
২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন রোনালদো। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন তিনি, যা পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ।
শুধু ম্যাচসংখ্যাই নয়, জাতীয় দলের হয়ে সর্বাধিক ১৪৩ গোলের রেকর্ডও তার দখলে। এছাড়া বিশ্ব ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন তিনি।
সবকিছু বিবেচনায় নিলে, ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে পারলে ২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে পর্তুগালের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ রবার্তো মার্টিনেজ।
What's Your Reaction?