৭ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিম রহমান অংশু, মহাকাশে প্রেমের গল্প নিয়ে আসছে ‘লিম্বো’

Jun 16, 2026 - 15:15
 0  9
৭ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিম রহমান অংশু, মহাকাশে প্রেমের গল্প নিয়ে আসছে ‘লিম্বো’

প্রায় সাত বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা তানিম রহমান অংশু। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত তার আলোচিত সিনেমা ‘ন ডরাই’-এর পর এবার তিনি ঘোষণা দিয়েছেন নতুন চলচ্চিত্র ‘লিম্বো’র, যেখানে মহাকাশকে ঘিরে ফুটে উঠবে এক ব্যতিক্রমধর্মী প্রেমের গল্প।

মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন অংশু। পোস্টারে দেখা যায় দুটি হাত, যার একটিতে মেহেদির নকশা— যা সিনেমার গল্প ও আবহ নিয়ে দর্শকদের মধ্যে রহস্য ও কৌতূহল তৈরি করেছে।

পোস্টারের ক্যাপশনে অংশু লেখেন, “দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের সীমানায় হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্প এক হয়ে যায়।”

নির্মাতা জানিয়েছেন, ‘লিম্বো’ মূলত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর একটি চলচ্চিত্র হলেও এর কেন্দ্রবিন্দুতে থাকবে প্রেমের গল্প। সিনেমার পুরো ঘটনাপ্রবাহ আবর্তিত হবে মহাকাশের একটি বিশেষ পরিসরকে ঘিরে।

‘ন ডরাই’ মুক্তির পর দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে থাকলেও অংশু নিয়মিত নাটক, ওয়েব কনটেন্ট ও মিউজিক ভিডিও নির্মাণে সক্রিয় ছিলেন। সর্বশেষ ঈদে তার নির্মাণে মুক্তি পায় ‘অচেনা আমি’, বালামের গাওয়া ‘মাওলা’ এবং একটি বাণিজ্যিক বিজ্ঞাপন।

অংশু জানিয়েছেন, বর্তমানে ‘লিম্বো’র গল্প চূড়ান্ত করার পাশাপাশি প্রি-প্রডাকশনের কাজও চলছে। দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই শুটিং শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্মাতা আরও জানান, বাংলাদেশে মহাকাশভিত্তিক গল্পে এর আগে তেমন কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি। তাই ‘লিম্বো’ দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। সিনেমাটি মুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow